সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ এবং সদস্যদের জন্য বিভিন্ন সেবাসুবিধা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি।
বৃহস্পতিবার রিহ্যাব কার্যালয়ে অনুষ্ঠিত সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির (২০২৬-২০২৮) প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী। এতে কো-চেয়ারম্যান কর্নেল মো. মঈনুল হক (অব.), আলহাজ এম. এ. বাতেন চৌধুরী এবং সদস্য মো. শাকিরুজ্জামান ভূঁইয়া, মো. বরকত উল্লাহ ও লায়ন মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার তহবিলের আকার বাড়িয়ে এক কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিল্ডিং ম্যাটেরিয়াল প্রস্তুতকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, এয়ারলাইন্স, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ, হোটেলসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে সদস্যদের জন্য বিশেষ ছাড় ও অতিরিক্ত সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া রিহ্যাবের পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর করা গাড়িগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা, সাইক্লোন সেন্টারগুলোর কার্যকারিতা মূল্যায়ন এবং সোশ্যাল ওয়েলফেয়ার তহবিলের জন্য প্রতিশ্রুত এক বিঘা জমিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রিহ্যাবের দেওয়া বেডগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ, দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া নির্মাণশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মীরা কর্মস্থলে দুর্ঘটনা, জরুরি চিকিৎসা বা অন্য কোনো মানবিক সংকটে পড়লে তাদের পাশে দাঁড়াতে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটিকে সক্রিয় ভূমিকা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, আবাসন খাতের উন্নয়নের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও রিহ্যাবের ভূমিকা ক্রমেই বিস্তৃত হচ্ছে। সদস্যসেবা বৃদ্ধি, মানবিক সহায়তা জোরদার এবং জনকল্যাণমূলক উদ্যোগকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে কমিটি ধারাবাহিকভাবে নতুন কর্মসূচি বাস্তবায়ন করবে।











