২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রিহ্যাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সৌজন্য সাক্ষাৎ, আবাসন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা

জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ। রাজধানীর মতিঝিলস্থ তাঁর কার্যালয়ে আজ দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রিহ্যাবের নবনির্বাচিত নেতৃত্বের মধ্যে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম উবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। রিহ্যাব নেতারা বলেন, আবাসন খাত দেশের অর্থনীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি, যা সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ২০০টিরও বেশি শিল্প ও খাতের সঙ্গে সম্পৃক্ত। ফলে এই খাতের টেকসই উন্নয়নের জন্য আধুনিক ও সময়োপযোগী নীতিমালা, সহজ শর্তে অর্থায়ন সুবিধা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তারা আরও উল্লেখ করেন, নির্মাণ উপকরণের মূল্য বৃদ্ধি, জমি ব্যবস্থাপনায় জটিলতা, ব্যাংক ঋণপ্রাপ্তির সীমাবদ্ধতা এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া—এসব কারণে আবাসন খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব সমস্যা সমাধানে সংসদীয় ও নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তারা এমপি দিপুর সহযোগিতা কামনা করেন।

রিহ্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংসদ সদস্য হিসেবে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভবিষ্যতে আবাসন খাতের উন্নয়ন ও সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণে খাতটির স্বার্থ তুলে ধরবেন।

এ সময় এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, দেশের উন্নয়ন ও দ্রুত নগরায়ণে আবাসন খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আবাসন খাত শুধু অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ নয়, বরং এটি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বড় অবদান রাখছে।

তিনি রিহ্যাব নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, আবাসন খাতের টেকসই উন্নয়ন ও সমস্যাগুলো সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে খাতটির অগ্রগতিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করবেন বলে জানান।

পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে আবাসন খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশার মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎটি সম্পন্ন হয়।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...